রূপগঞ্জে জুট মিলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব টাটকি এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নিউ ঢাকা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পুড়ে গেছে মিলের বেশ কয়েকটি গুদামে রাখা বিপুল পরিমাণ কাঁচা পাট ও উৎপাদিত পাটজাত দ্রব্য। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কারখানার অন্তত ১৫ জন শ্রমিক।আহত শ্রমিকেরা হলেন রুহুল আমিন, কালাম, আমির খান, সিদ্দিক, রফিক, মানিক, সোলেমান, আজগর, জসিম প্রমুখ। তাঁরা স্থানীয় একাধিক হাসপাতালে সিকিৎসাধীন। খবর পেয়ে কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।নিউ ঢাকা জুট মিলের উপমহাব্যবস্থাপক হেলালউদ্দিন জানান, অগ্নিকাণ্ডে গুদামসহ বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্য পুড়ে গেছে। এতে তাঁদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ খন্দকার আবদুল জলিল জানান, দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পাটজাতীয় দ্রব্য থাকায় অনেক স্থানে চাপা আগুন জ্বলছে। সম্পূর্ণ নেভানোর চেষ্টা চলছে।