রূপগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের একজন হলেন পিকআপ ভ্যানের মালিক মিজানুর রহমান (৪৫)। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুলাদিয়া এলাকার সাইজউদ্দিনের ছেলে। অপরজন হলেন পিকআপভ্যানের চালক আবির হোসেন। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার আনাখন্দ এলাকার আবদুর রহমানের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক জানান, আজ ভোর সাড়ে পাঁচটায় আধুরিয়া এলাকায় নরসিংদী থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপ ভ্যানের সঙ্গে সড়কে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের মালিক মিজানুর রহমান ও চালক আবির হোসেন নিহত হন।
এসআই জানান, এই ঘটনায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।