রূপগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল রোববার ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী এক নারী নিহত হয়েছেন। সন্ধ্যায় মদনপুর ভুলতা-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের পোনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুনা আক্তার (২৭) সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার সাহাবুদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বলেন, একটি মোটরসাইকেলে চড়ে রুনা ঢাকা বাইপাস সড়ক দিয়ে কাঞ্চনের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে পোনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রুনা সড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলের চালক ট্রাকটিকে ধাওয়া করেন। কিন্তু পরে তিনি আর ফিরে আসেননি।
এসআই ফাইজুর রহমান গতকাল রাত ১০টায় বলেন, নিহত রুনার স্বজনেরা যোগাযোগ করেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।