রূপগঞ্জে ট্রাক্টরের সঙ্গে টেম্পোর সংঘর্ষ, দুই পোশাকশ্রমিক নিহত আহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বালুবাহী ট্রাক্টর ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একটি পোশাক কারখানার দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া অপর দুজন শ্রমিক এবং টেম্পোচালক আহত হয়েছেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের আউখাবো এলাকায় দুটি ট্রাক্টর পরস্পরকে পেছনে ফেলার প্রতিযোগিতায় লিপ্ত হয়। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক্টর একটি যাত্রীবাহী টেম্পোকে চাপা দেয়। এতে টেম্পোটি দুমড়েমুচড়ে যায়। আর ট্রাক্টরটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এ দুর্ঘটনা কবলিত টেম্পোটির চালক ও যাত্রী হিসেবে থাকা উপজেলার আউখাবো এলাকার রবিন টেক্স নামের একটি পোশাক কারখানার চারজন শ্রমিক গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।নিহত দুজন পোশাকশ্রমিক হলেন, উপজেলার মোর্তেজাবাগ এলাকার জামাল মিয়ার ছেলে আবু কালাম (২৮) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মীরাকলি এলাকার কার্লুস চড়ের ছেলে পিউস চড়ে (৩২)। আহত দুই পোশাকশ্রমিকের নাম আমিনুল ইসলাম ও হেলেনা। আহত টেম্পোচালকের পরিচয় পাওয়া যায়নি।