রূপগঞ্জে ডিবি পরিচয়ে ছিনতাই দুজনকে পিটুনি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে ছিনতাইকালে দুজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের কাছ থেকে পুলিশের একটি হাতকড়া ও ওয়াকিটকি, ছিনতাইকাজে ব্যবহূত মাইক্রোবাস, একটি মুঠোফোন ও ছিনতাই করে নেওয়া প্রায় দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর এলাকার আবদুল হেকিম (২৮) ও শরীয়তপুর সদর উপজেলার কোয়ারপুর এলাকার রাসেল মিয়া (৩০)।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিকেলে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, দুপুর ১২টার দিকে ব্যবসায়ী সাইফুল ইসলাম উপজেলার ভুলতায় একটি ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা তোলেন। তিনি টাকা নিয়ে বের হলে ছয়-সাতজন ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় তাঁকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। সাইফুল চিৎকারে লোকজন এসে দুই ছিনতাইকারীকে আটক করে।
পুলিশ সুপার জানান, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।