রূপগঞ্জে ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর সীমানাসংলগ্ন খিলক্ষেত থানার মস্তুল এলাকায় বালু নদে ড্রেজার (বালু উত্তোলনকারী) ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকেরা হলেন ঢাকার খিলক্ষেত থানার মস্তুল গ্রামের ইয়ারউদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম (২০), তমিজউদ্দিনের ছেলে ইয়াজুল ইসলাম (২২) ও আবু ছাঈদ ওরফে শাহীর ছেলে আজগর আলী (১৮)। তাঁরা সবাই ওই ড্রেজারের শ্রমিক। এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান প্রথম আলোকে জানান, ভোলানাথপুর সীমানাসংলগ্ন খিলক্ষেত থানার মস্তুল এলাকায় বালু নদে নোঙর করে ড্রেজারের একটি রুমে দরজা বন্ধ করে শনিবার রাতে ঘুমিয়ে পড়েন শ্রমিকেরা। ভোরে ড্রেজারের তলা ফেটে পানিতে ডুবে যায়। এ সময় ড্রেজারের শ্রমিকেরা ভেতরে আটকা পড়েন। সকালে এলাকাবাসী ড্রেজার থেকে তাঁদের লাশ উদ্ধার করে।ওসি মাঈনুর রহমান আরও জানান, রূপগঞ্জ থানার সীমানাসংলগ্ন ঢাকার খিলক্ষেত থানার মস্তুল এলাকায় এই ড্রেজার-ডুবির ঘটনা ঘটেছে। এ ব্যাপার খিলক্ষেত থানায় মামলার প্রক্রিয়া চলছে।