রূপগঞ্জে তিতাসের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিতাসের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালান গ্রামবাসী। এতে আদালতের সঙ্গে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেলের তিন ক্যামেরাম্যান ও সাত শ্রমিক আহত হন। ভাঙচুর করা হয় আটটি গাড়ি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের নেতৃত্বে সকাল ১০টায় বানিয়াদি এলাকায় অভিযান চালান তিতাসের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে শত শত নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ পর্যায় আদালত পরিচালনাকারীসহ কর্মকর্তারা পিছু হটেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই সদস্য পরে গ্রামবাসীকে বৈধ সংযোগ দেওয়ার আশ্বাস দেন এবং নিজেদেরই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন। তখন পরিস্থিতি শান্ত হলেও কেউ নিজের সংযোগ বিচ্ছিন্ন করেননি।
কিছুক্ষণ পর দ্বিতীয় দফা সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন। আবার লাঠিসোঁটা নিয়ে তাঁরা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালান। এতে তিন ক্যামেরাম্যান এনটিভির তারেক স্বপন, চ্যানেল টোয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় ও একুশে টেলিভিশনের রবিউল ইসলাম ও আদালতের সাত শ্রমিক আহত হন। এলাকাবাসীর দাবি, তিতাসের কর্মকর্তা ও ঠিকাদারের মাধ্যমে বাইনাদি, হাটাবো, পোড়াবো, দক্ষিণপাড়া, মাসুমাবাদসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক পরিবার অবৈধ গ্যাস-সংযোগ নিয়েছে। এ জন্য তাঁরা অনেক কষ্ট করে ৩০ থেকে ৯০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু তিতাস তাঁদের সংযোগ বৈধ করে দেয়নি।
এ ব্যাপারে রূপগঞ্জে তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আবদুস সবুর জানান, গ্রামবাসী তিতাসের হাইপ্রেসার সংযোগ লাইন থেকে অবৈধ গ্যাস-সংযোগ নিয়েছেন। ওই সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাঁরা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গতকাল বিকেলে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেনি। অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত কয়েকজনকে জরিমানা করেছেন।