রূপগঞ্জে তিন ভুয়া র্যাব সদস্য আটক, বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভুয়া তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
তাঁদের কাছ থেকে র‌্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, মুঠোফোন ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাব এলাকার আইএফআইসি ব্যাংকের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খারইখালি এলাকার লাল মিয়া (৪০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ গুতুলিয়া এলাকার দেলোয়ার হোসেন (৩২) এবং মাইক্রোবাসচালক বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি এলাকার রাসেল (২২)।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম।
শহীদুল ইসলাম জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তারাব বাজারসংলগ্ন আইএফআইসি ব্যাংকের সামনে র‌্যাবের পোশাক পরিহিত পাঁচ-ছয় ব্যক্তি একটি সিলভার রঙের মাইক্রোবাস নিয়ে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিষয়টি পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাঁদের চ্যালেঞ্জ করলে মাইক্রোবাস থেকে তিনজন দৌড়ে পালিয়ে যান। তবে পুলিশ মাইক্রোবাসের চালকসহ তিনজনকে আটক করে।
তাঁদের কাছ থেকে র‌্যাবের তিনটি পোশাক, একটি ওয়াকিটকি, দুটি হ্যান্ডকাফ, মুঠোফোনের তিনটি সেট ও টিফিন ক্যারিয়ারের ভেতরে চারটি মাফলার এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, তারাব আইএফআইসি ব্যাংক থেকে এক ব্যক্তি পাঁচ লাখ টাকা উত্তোলন করবেন। এমন খবর পেয়ে ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে টাকা লুট করার জন্য তাঁরা সেখানে অবস্থান করছিলেন।
শহীদুল ইসলাম আরও জানান, এর আগে সংঘবদ্ধ চক্রটি রাজধানীসহ গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে অর্ধশতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ চক্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।