রূপগঞ্জে দরপত্র জমা নিয়ে আ.লীগের দুই পক্ষের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণকাজের দরপত্র জমা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এক পক্ষ সভা করে প্রতিপক্ষের বিরুদ্ধে দরপত্র ছিনতাই, চাঁদাবাজি ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলীকে মারধরের অভিযোগ আনে। অপর পক্ষ অভিযোগ অস্বীকার করে এক সংবাদ সম্মেলনে বলেছে, হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা দরপত্র ছিনতাই, চাঁদাবাজি ও মারধরের ঘটনায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আজিজসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জাহেদ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, হেলালউদ্দিন, করিম পাঠান প্রমুখ। এদিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আজিজ দরপত্র ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি বরকত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী প্রমুখ। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণকাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ৫৯ লাখ টাকার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বুধবার। এই দিন দরপত্র জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আজিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বরকত উল্লাহসহ কয়েকজনকে।