নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে। তাঁদের ওপর চলছে জুলুম, নির্যাতন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব ম্যাক্স অডিটরিয়ামে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী মনিরুজ্জামান বলেন, গত সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের সমর্থিত সন্ত্রাসীরা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আসছে। সন্ত্রাসীদের ভয়ে অনেক নেতা-কর্মী এখন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।কাজী মনিরুজ্জামান বলেন, বিদ্যুৎ, গ্যাস ও পানি-সংকটে রূপগঞ্জবাসী যখন অতিষ্ঠ, তখন আওয়ামী সন্ত্রাসীরা মামলা, জুলুম, অত্যাচার ও নির্যাতনে লিপ্ত রয়েছে। এলাকায় শান্তি রক্ষার জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল হক প্রমুখ।