রূপগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় টিনের চালায় ঢিল মারা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ও বলাইখা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০টি ফাঁকা গুলি ছোড়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, রোববার সন্ধ্যায় গোলাকান্দাইল গ্রামের খোরশেদ মিয়ার বাড়ির টিনের চালে ঢিল ছোড়েন বলাইখা গ্রামের কামাল হোসেনের ভাগনে মাসুদ। এ নিয়ে খোরশেদ ও তাঁর লোকজনের সঙ্গে কামাল হোসেন এবং তাঁর লোকজনের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় মাতবরেরা ঘটনাটির বিচার করার আশ্বাস দিলে রাতে পরিস্থিতি শান্ত হয়।
গতকাল সকাল নয়টার দিকে কামাল হোসেনের লোকজন এনজেড টেক্সটাইল মিলের পেছনে খোরশেদের চায়ের দোকানে হামলা চালান। তাঁরা খোরশেদসহ বলাইখা গ্রামের কয়েকজনকে রাস্তায় বেধড়ক পেটান। এ খবর ছড়িয়ে পড়লে পুনরায় দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এসে ১০টি ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান আহত হন। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৯ জন আহত হন।