রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের হাটাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের হাটাব এলাকার গোলজার রাজের সঙ্গে একই এলাকার এনায়েত হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার এনায়েত হোসেন ওই এলাকায় কুলখানির আয়োজন করেন। সেখানে মাজার তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে রাত সাড়ে ১০টার দিকে গোলজার রাজসহ ৫০-৬০ জন হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। একপক্ষ অন্য পক্ষের ওপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আরও জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।