রূপগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সকালে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এ ঘটনার পর উত্তেজিত জনতা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে, ভাঙচুর করে সাত-আটটি যানবাহন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আধুরিয়া এলাকায় তৃষা পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী নিউ নিপুণ ট্রান্সপোর্টের যাত্রীবাহী অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিপুণ পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং তৃষা পরিবহনের বাসটি সড়কে উল্টে যায়। গুরুতর আহত হন তৃষা পরিবহনের যাত্রী মজিবুর রহমান, মাইদুর আলী, রশিদ মিয়া, আমির হোসেন, মিজানুর রহমান, আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন, আমেনা বেগম, ইয়াছমিন আক্তার, মো. সোহেলসহ ও নারীসহ কমপক্ষে ৩০ জন। আশপাশের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার পঙ্গু হাসপাতাল এবং নারায়ণগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকার সমর উদ্দিনের ছেলে ব্যবসায়ী মজিবুর রহমান এবং একই জেলার সরাইল ব্রাহ্মণেরগাঁও এলাকার সাবেক ইউপি সদস্য মাইদুর আলী মারা যান।দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে। তারা সাত-আটটি যানবাহন ভাঙচুর করে। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে লোকজন অবরোধ তুলে নেয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, দুর্ঘটনার ব্যাপারে মামলা হয়েছে।ট্রাকের চাপায় শিশুর মৃত্যু: নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় হূদয় হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হূদয় স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।এলাকাবাসী জানায়, ইটভর্তি একটি ট্রাক ইট নামাচ্ছিল। এ সময় শিশু হূদয় ট্রাকের ওপরে উঠে খেলা করছিল। ইট নামানো শেষে ট্রাকটি চলে যাওয়ার সময় শিশুটি ট্রাকের ওপর থেকে পড়ে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।