রূপগঞ্জে নতুন গ্যাসক্ষেত্র পেয়েছে বাপেক্স
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স। আজ শনিবার বিকেলে ক্ষেত্রটির আওতাভুক্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর এলাকায় অনুসন্ধান কূপ থেকে গ্যাসপ্রবাহ শুরু হয়েছে।
পেট্রোবাংলা ও বাপেক্সের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাপেক্সের দ্বিমাত্রিক ভূকম্পন জরিপে পাওয়া সূত্র ধরে পূর্বাচলে অনুসন্ধান কূপটি খনন করে ক্ষেত্রটি পেয়েছে। দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের সূত্র অনুযায়ী আকার, বিস্তৃতি ও মজুত বিবেচনায় ক্ষেত্রটি তেমন বড় না-ও হতে পারে। এটি দেশে আবিষ্কৃত ২৬তম গ্যাসক্ষেত্র।
বাপেক্স বা তার মাতৃসংস্থা পেট্রোবাংলা আজ রাত পর্যন্ত নতুন ক্ষেত্রটি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, কূপটির একাধিক স্তরে গ্যাসের অবস্থান, ক্ষেত্রটিতে গ্যাসের প্রাকৃতিক চাপ প্রভৃতি সম্পর্কে আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
রূপগঞ্জের ওই গ্যাসক্ষেত্রে কর্মরত কয়েকজন বলেন, প্রায় তিন হাজার ৬০০ মিটার গভীর অনুসন্ধান কূপটির একেবারে নিচের দিকে মাত্র দেড় মিটার পুরু একটি গ্যাসের স্তর থেকে আজ বিকেল তিনটার দিকে সফলভাবে গ্যাস উত্তোলন করা হয়। তাঁরা বলেন, কূপটির তিন হাজার ৩০০ মিটার গভীরে গ্যাসের আরেকটি স্তর চিহ্নিত করা হয়েছে। সেটি প্রায় ছয় মিটার পুরু।
এই স্তরে গ্যাসের আধারও নিচের স্তরের তুলনায় অনেক ভালো। কাজেই ওই স্তর থেকে বেশি গ্যাস পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। এই কূপটি থেকে দৈনিক কী পরিমাণ গ্যাস তোলা যাবে, তা এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা সম্ভব হতে পারে।
আজ কূপটি থেকে গ্যাসের প্রবাহ শুরু হওয়ার পর বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকী কূপ এলাকা পরিদর্শন করেন। জানতে চাইলে তিনি বলেন, রূপগঞ্জের ওই কূপটির ওপরের দিকে প্রায় দুই মিটার উঁচু শিখা প্রজ্বলিত হয়েছে। এর ফলে সেখানে গ্যাস আছে বলে নিশ্চিত হওয়া গেছে। এখন আরও পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।
বাপেক্স ২০১০ সালে রূপগঞ্জের ১০৯ লাইন কিলোমিটারজুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। সেই জরিপে পাওয়া তথ্যসূত্র অনুযায়ী অনুসন্ধান কূপটি খনন করা হয়। আরও ভালোভাবে ক্ষেত্রটির সম্ভাবনা সম্পর্কে জানার জন্য আগামী শুকনা মৌসুমেই সেখানে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছ।
এই ক্ষেত্রটি থেকে দৈনিক এক-দেড় কোটি ঘনফুট গ্যাস প্রবাহিত করা গেলে তা ঢাকা ও এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও সংশ্লিষ্টরা বলেন।