রূপগঞ্জে নতুন গ্যাসক্ষেত্র পেয়েছে বাপেক্স
ঢাকার কাছেই, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একটি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স। ক্ষেত্রটির আওতাভুক্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর এলাকায় খনন করা একটি অনুসন্ধান কূপ থেকে গতকাল শনিবার বিকেলে গ্যাস প্রবাহ শুরু হয়েছে।
পেট্রোবাংলা ও বাপেক্সের সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, বাপেক্স দ্বিমাত্রিক ভূকম্পন জরিপে পাওয়া সূত্র ধরে পূর্বাচলে অনুসন্ধান কূপ খনন করে ক্ষেত্রটি পেয়েছে। দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের সূত্র অনুযায়ী আকার, বিস্তৃতি ও মজুত বিবেচনায় ক্ষেত্রটি তেমন বড় নাও হতে পারে। এটি দেশে আবিষ্কৃত ২৬তম গ্যাসক্ষেত্র।
বাপেক্স বা তার মাতৃসংস্থা পেট্রোবাংলা গতকাল রাত পর্যন্ত নতুন ক্ষেত্রটি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, কূপটির একাধিক স্তরে গ্যাসের অবস্থান, ক্ষেত্রটিতে গ্যাসের প্রাকৃতিক চাপ ইত্যাদি সম্পর্কে আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
রূপগঞ্জ ক্ষেত্রে কর্মরত কয়েকজন বলেন, প্রায় তিন হাজার ৬০০ মিটার গভীর অনুসন্ধান কূপটির একেবারে িনচের দিকে মাত্র দেড় মিটার পুরু একটি স্তর থেকে গতকাল বেলা তিনটার দিকে সফলভাবে গ্যাস প্রবাহিত করা হয়। তাঁরা বলেন, তিন হাজার ৩০০ মিটার গভীরে গ্যাসের আরেকটি স্তর চিহ্নিত করা হয়েছে। সেটি প্রায় ছয় মিটার পুরু। এই স্তরে গ্যাসের আধারও িনচের স্তরটির তুলনায় অনেক ভালো। কাজেই ওই স্তর থেকে বেশি গ্যাস পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। এই কূপটি থেকে দৈনিক কী পরিমাণ গ্যাস তোলা যাবে, তা এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা সম্ভব হতে পারে।
গ্যাসের প্রবাহ শুরু হওয়ার পর এলাকা পরিদর্শন করা বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকি এ বিষয়ে জানতে চাইলে বলেন, কূপটির ওপরের দিকে প্রায় দুই মিটার উঁচু শিখা জ্বলেছে। এর ফলে সেখানে গ্যাস আছে বলে নিশ্চিত হওয়া গেছে। এখন আরও পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।
বাপেক্স ২০১০ সালে রূপগঞ্জে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। আরও ভালোভাবে ক্ষেত্রটির সম্ভাবনা সম্পর্কে জানার জন্য আগামী শুকনো মৌসুমেই সেখানে ত্রিমাত্রিক জরিপ চালানো হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷ এই ক্ষেত্রটি থেকে দৈনিক এক-দেড় কোটি ঘনফুট গ্যাস পাওয়া গেলে তা ঢাকা ও এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন৷