রূপগঞ্জে নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর শান্তা (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মর্তুজাবাদ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শান্তা নরসিংদী সদর থানাধীন কান্দা এলাকার সাদেকুর রহমানের মেয়ে। সাদেকুর বর্তমানে মর্তুজাবাদ এলাকার একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই তারিফুজ্জামান বলেন, বিকেল চারটার দিকে মর্তুজাবাদ এলাকার মধু মিয়ার পরিত্যক্ত বাড়ির ভেতরে একটি শিশুর লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে শান্তার পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
সাদেকুর রহমান বলেন, এক সপ্তাহ আগে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী মান্নান মিয়া ও তাঁর স্ত্রী খোদেজার সঙ্গে তাঁদের ঝগড়া হয়। এরপর গত মঙ্গলবার দুপুর থেকে শান্তা নিখোঁজ হয়।