রূপগঞ্জে ন্যায্য মজুরির দাবি জুট মিলের শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার উত্তরা জুট ফাইবার ইন্ডাস্ট্রিজের শ্রমিকেরা গতকাল সোমবার দুপুরে ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভকারী একাধিক শ্রমিক বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানিয়ে এলেও মিলমালিক তা মানছেন না। শ্রম আইনে মজুরি নির্ধারণ করা হলেও মিলমালিকদের সঙ্গে আঁতাত করে উত্তরা জুট ফাইবার ইন্ডাস্ট্রিজের শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ফটিক মিয়া কালক্ষেপণ করে আসছেন। শ্রমিকদের দিয়ে আট ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা কাজ করালেও বেতন বৃদ্ধি করা হচ্ছে না। শ্রমিকদের অতিরিক্ত টাকা উত্তোলন করে কামাল হোসেন ও ফটিক মিয়া আত্মসাৎ করছেন। তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়। শ্রমিকদের ওপর নির্যাতনও করা হয়।
উত্তরা জুট ফাইবার ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক আবদুল কাদির বলেন, শ্রমিক ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের নির্ধারিত বেতন নিয়মিত প্রদান করা হয়। শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকেরা কোনো বিক্ষোভ করছেন না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের চেষ্টা করা হবে।
শ্রমিকনেতা কামাল হোসেন বলেন, শ্রমিকেরা কয়েক দিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। তবে শ্রমিকদের সব অভিযোগ সঠিক নয়।