রূপগঞ্জে পাঁচ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পুলিশের তিন সেট পোশাক, দুটি মুঠোফোন, একটি ব্রিফকেসসহ বিভিন্ন মালপত্র উদ্ধার করা হয়।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফোরকান শিকদার জানান, গত ৪ ডিসেম্বর নরসিংদীর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী হেলাল উদ্দিন ও তাঁর সহকারী নুরুজ্জামান সুমন ঢাকা ডিআইজি অফিস থেকে সরকারি কাজ শেষে মাইক্রোবাসযোগে নরসিংদীতে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা বটতলা এলাকায় ১৫-২০ জনের একদল ডাকাত তাঁদের গাড়ির গতি রোধ করে। ডাকাতেরা অস্ত্র দেখিয়ে তাঁদের কাছ থেকে দুটি মোবাইল সেট, পুলিশের পোশাক, পরিচয়পত্রসহ টাকা লুট করে। এ ঘটনায় নরসিংদী সদর থানা পুলিশের কনস্টেবল সুমন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জাহেদ আলী, জাহাঙ্গীর আলম, জহির, জাহিদুল ও রেজাউল করিম ওরফে কালা।