রূপগঞ্জে পাটের কারখানায় আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি পাটের কারখানায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে ওই কারখানার মেশিনারিজসহ বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।গতকাল শুক্রবার দুপুরে কাঞ্চন পৌরসভায় উত্তরা জুট ফাইবার্স মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জিহাদ মিয়া সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টায় উত্তরা জুট মিল কারখানার একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় আতঙ্ক দেখা দেয়। তাঁরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মিলের ম্যানেজার রমেশ চন্দ্র পাল সাংবাদিকদের জানান, আগুনে মিলের মেশিনারিজ ও পাট পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।