রূপগঞ্জে পিকআপভ্যান উল্টে নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-কুড়িল বিশ্বরোডে (তিন শ ফুট) পিকআপভ্যান উল্টে আবুল কালাম (৩০) ও বাবুল মিয়া (২৮) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। আজ শুক্রবার দুপুরে সুলপিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ রানা শামীম জানান, শুক্রবার বেলা একটার দিকে একটি পিকআপভ্যান ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে রাজধানীর ইসলামপুরে যাচ্ছিল। পথে কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের সুলপিনা এলাকায় পৌঁছালে একটি চাকা বিকল হয়ে গাড়িটি উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে নয়জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের পার্শ্ববর্তী আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁরা হলেন নরসিংদী সদর থানার দোয়ানী এলাকার আবদুস ছাত্তারের ছেলে আবুল কালাম ও একই এলাকার শামসুল হকের ছেলে বাবুল মিয়া। আহত ব্যক্তিদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ পিকআপভ্যানটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন তিনি।