রূপগঞ্জে পিকআপের চাপায় কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় মোঘল হোসেন (৫০) নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

আজ সোমবার ভোররাতে উপজেলার বাংলাকেট পুলিশ চেকপোস্টে ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।

মোঘল হোসেনের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার সায়েদাবাদ এলাকায়। তাঁর বাবার নাম আহাম্মদ আলী।

মোঘল হোসেন রূপগঞ্জের ভুলতা পুলিশফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, চেকপোস্টে থামার জন্য সংকেত দিলে কনস্টেবল মোঘল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যান পিকআপ ভ্যানের চালাক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মোঘল হোসেনসহ পুলিশের অন্য সদস্যরা বাংলাকেট চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। দিবাগত রাত তিনটার দিকে একটি পিকআপ ভ্যানকে পুলিশের সন্দেহ হয়। থামার সংকেত দিলে তা অমান্য করেন পিকআপ ভ্যানচালক। এ সময় কনস্টেবল মোঘল হোসেনকে চাপা দিয়ে পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যান চালক। এতে ঘটনাস্থলেই মোঘল হোসেনের মৃত্যু হয়।

ওসি ইসমাইল হোসেন বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটকের চেষ্টা চলছে।