রূপগঞ্জে পুলিশের ছেলেকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূগপঞ্জে এক পুলিশ সদস্যের ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মৈকুলী আরাফাতনগরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরিফুল ইসলাম রানা (২৪)। তিনি রাঙামাটিতে কর্মরত পুলিশ কনস্টেবল মহিউদ্দিনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মীর জানান, উপজেলার মৈকুলী আরাফাতনগর এলাকায় পুলিশ কনস্টেবল মহিউদ্দিন তিন বছর আগে বাড়ি কেনেন। তিনি ওই বাড়িতে পলাশ নামের এক তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। এক মাস আগে কনস্টেবল মহিউদ্দিন ওই বাড়িতে ওঠেন এবং তত্ত্বাবধায়ক পলাশকে বাড়ি ছেড়ে দিতে বলেন। কিন্তু তিনি বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান। এ নিয়ে কনস্টেবল মহিউদ্দিনের ছেলে আরিফুল ইসলামের সঙ্গে তত্ত্বাবধায়ক পলাশের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে পলাশ গতকাল রাতে আরিফুলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে জখম করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাশ পলাতক রয়েছেন।