রূপগঞ্জে প্রধান বৈশিষ্ট্য জাল ভোট
বড় ধরনের গোলযোগ হয়নি। ভোটার উপস্থিতি ছিল দেশের বেশির ভাগ অঞ্চলের মতোই কম। এর মধ্যে জাল ভোটই ছিল নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মূল্য বৈশিষ্ট্য।
নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী ছিলেন তিনজন। তবে আওয়ামী লীগের গাজী গোলাম দস্তগীর ছাড়া অন্য প্রার্থীর কোনো এজেন্ট দেখা যায়নি। এই আসনে তালা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন রূপগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি শওকত আলী। আরেক প্রার্থী জাতীয় পার্টির (লাঙ্গল) জয়নাল আবেদীন চৌধুরী।
গাজী গোলাম দস্তগীরের লোকজনের বিরুদ্ধে জাল ভোট দেওয়া ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে তাঁর দুই প্রতিদ্বন্দ্বীই কিছু আগে-পরে ভোট বর্জনের ঘোষণা দেন।
রূপগঞ্জে গতকাল সকালে চারটি ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরিত হয়। এতে তিনজন আহত হয়। প্রথম আলোর দুজন প্রতিবেদক ও একজন ফটোসাংবাদিক ১০১টি কেন্দ্রের মধ্যে অন্তত ২০টি একাধিকবার ঘুরে দেখেন। এসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্যদের এজেন্ট দেখা যায়নি। অনেক কেন্দ্রে জাল ভোট দেওয়া হলেও নির্বাচনী কর্মকর্তা বা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
জাল ভোটের ছড়াছড়ি: বেলা সোয়া ১১টা। রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমিনা বেগম নামে প্রায় ৫০ বছর বয়সী এক ভোটার জানতে পারেন তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। ভোটার তালিকায় আমিনা বেগমের নম্বর ১০৫৪। এই প্রতিবেদকের সামনেই ভোট গ্রহণ কর্মকর্তারা তালিকায় থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখেন ১০৫৪ নম্বর ভোটার আমিনা বেগমই। এ সময় বুথের ভেতরে থাকা নৌকার ব্যাজ পরা স্পষ্টতই বিব্রত এক ব্যক্তি আমিনার ভোটার নম্বরসংবলিত স্লিপটি ছিঁড়ে বলেন, ‘চলে যান। ভোট দিতে হবে না।’ পরে জানা গেছে, আমিনাকে বুথ থেকে বের করে দেওয়া ব্যক্তির নাম ফিরোজ মিয়া। তিনি গোলাম দস্তগীরের স্ত্রী হাসিনা গাজীর ব্যক্তিগত সচিব।
তবে সাংসদ গোলাম দস্তগীর গাজী দাবি করেন, ‘অন্য দুই প্রার্থীর ভোটই নেই। তাঁদের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নই ওঠে না।’ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোজ কান্তি বড়াল বলেন, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।’