রূপগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উদ্দেশ্য সফল করতে দেশের অন্যান্য জায়গার মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার স্টুডেন্ট কাউন্সিল (ছাত্র পরিষদ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলশান আরা বলেন, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এই নির্বাচন চলে। নির্বাচনে প্রতিটি বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে ১১ জন প্রার্থীর মধ্যে ৭ জনকে ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করে। প্রতিটি বিদ্যালয়ে নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্যায়ক্রমে প্রথমজনকে বিদ্যালয়ের পরিবেশ রক্ষণাবেক্ষণ, দ্বিতীয়জনকে বিদ্যালয়ের সব পাঠ্যপুস্তক ও শিক্ষাসামগ্রী রক্ষণাবেক্ষণ, তৃতীয় নির্বাচিত শিক্ষার্থীকে বিদ্যালয়ের সব ছাত্রছাত্রীর স্বাস্থ্যের খোঁজখবরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চতুর্থজনকে সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন, পঞ্চমজনকে পানিসম্পদ বিষয়ে, ষষ্ঠজনকে বৃক্ষরোপণ ও বাগান তৈরি এবং সপ্তমজনকে অভ্যর্থনা ও আপ্যায়নের বিষয়ে দায়িত্ব ভাগ করে দেবেন। কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা করবেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।