রূপগঞ্জে বস্ত্র কারখানায় ডাকাতি ৮০ লাখ টাকার মাল লুট
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় একটি বস্ত্র কারখানায় গতকাল সোমবার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা কর্মচারীদের হাত-পা বেঁধে নগদ টাকা, কাপড় ও যন্ত্রপাতি নিয়ে গেছে। কর্তৃপক্ষের দাবি, লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৮০ লাখ টাকা। ডাকাতদের প্রহারে নিরাপত্তাকর্মীসহ ২০ জন কর্মচারী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোরে বিসমিল্লাহ টেক্সটাইল মিল নামের ওই প্রতিষ্ঠানে ২৫-৩০ জন মুখোশধারী হানা দেয়। তারা অস্ত্রের মুখে নিরপত্তাপ্রহরী ও শ্রমিকদের হাত-পা বেঁধে ফেলে। বাধা দিতে গেলে তারা কারখানার উৎপাদন ব্যবস্থাপক মোকতার হোসেন, নিরাপত্তাপ্রহরী নুরুজ্জামান, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম, নুর আলম, সোলায়মানসহ ২০ জনকে পিটিয়ে আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতেরা অফিস কক্ষের আলমারি ভেঙে এক লাখ ৪৫ হাজার টাকা, ১৫০ ব্যাগ সুতা, দুই হাজার গজ গ্রে কাপড়, যন্ত্রপাতি, ২৯টি মুঠোফোনসেটসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে তারা মালামাল একটি ট্রাকে তুলে নিয়ে চলে যায়। আহত কর্মচারী ও শ্রমিকদের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোখলেছুর রহমান জানান, ডাকাতেরা প্রায় ৮০ লাখ টাকার মালামাল লুট করেছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার বলেন, ব্যবস্থাপক মোখলেছুর রহমান থানায় অভিযোগ করেছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।