রূপগঞ্জে বাস উল্টে নিহত দুই
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাস উল্টে যায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ যাত্রী। আজ বুধবার ভোরে উপজেলার গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন জামালপুরের বসুগঞ্জ থানার মালেকচর সরকারপাড়া এলাকার অহিজুল হকের ছেলে জজ মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের গাউছিয়া আমলাবো এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের দুই যাত্রী নিহত হন। আহত ২০ জনকে আশপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে। লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের পর কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।