রূপগঞ্জে বাস উল্টে নিহত ২, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী একটি বাস উল্টে দুজন নিহত ও আরও ২০ যাত্রী আহত হয়েছেন। আহত ওই ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন জামালপুর জেলার বসুগঞ্জ থানার মালেকচর সরকারপাড়া এলাকার অহিজুল হকের ছেলে জজ মিয়া (৩৫)। তবে অপরজনের (৪০) পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের গাউছিয়া আমলাবো এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লাবণ্য ট্রান্সপোর্টের বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন আরও ২০ যাত্রী। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।