রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীগামী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ির বহরকে অভিনন্দন জানাতে সড়কের পাশে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেলে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার গাড়ির বহরকে অভিনন্দন জানাতে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় সড়কের দুই পাশে জড়ো হন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।
বিকেলে গাড়ির বহরটি চলে যাওয়ার পর বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মনির ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।