রূপগঞ্জে বিএনপির নেতা গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজউদ্দিন ভূঁইয়া (৬০) সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। মুড়াপাড়ার বানিয়াদী গ্রামে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মসজিদে নামাজ পড়ে চায়ের দোকানে এসে পৌঁছালে মাইক্রোবাসে আসা চার-পাঁচজন মুখোশধারী সন্ত্রাসী তাঁর গতিরোধ করে। এ সময় তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে তিনি বুকের ডান পাশে এবং পিঠে গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, মফিজউদ্দিন ভূঁইয়ার একমাত্র ছেলে রূপগঞ্জ থানা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল ইসলামকে ২০০৬ সালে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে গুলিতে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় মামলা দায়েরের পর থেকেই তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। ওই মামলার ১১ জন আসামি দীর্ঘদিন জেলহাজতে ছিলেন। সম্প্রতি আসামিরা জামিনে রয়েছেন। ওই সন্ত্রাসীরাই তাঁকে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মীর জানান, মফিজউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।