নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল সোমবার একটি কারখানায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাজহার হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন এবং ভাঙচুর করেন কয়েকটি গাড়ি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করলে ১০ জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বরাবো এলাকার শরীফ মেলামাইন কারখানায় কাটিং বিভাগে কাজ করতেন মাজহার হোসেন। গতকাল দুপুরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মাজহার উপজেলার বরাবো এলাকার ইয়াদ আলীর ছেলে। মাজহারের মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ৩০০-৪০০ শ্রমিক কারখানা থেকে বেরিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে চারটি গাড়ি ভাঙচুর করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজটের।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা পৌনে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। লাঠিপেটায় আহত হন শ্রমিক আবদুল করিম, কাদের, জসিম, হালিম, শহর আলী, জেসমিনসহ কমপক্ষে ১০ জন। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার বলেন, ময়নাতদন্তের জন্য মাজহারের লাশ মর্গে পাঠানো হয়েছে।