রূপগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মোর্শেদ মিয়া (২৪) নামের এক কারখানাশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী পল্লী বিদ্যুতের স্থানীয় সাবস্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। বুধবার রাতে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে কাঞ্চন পৌর এলাকার একটি দোকানে টেক্সটাইল কারখানার শ্রমিক মোর্শেদ খাবার খাচ্ছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন পল্লী বিদ্যুতের কাঞ্চন সাবস্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। তবে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহ্ জুলফিকার বলেন, ডিশ লাইনের কাজ করতে গিয়ে অন্ধকারে তারে জড়িয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার ছিঁড়ে পড়ার বিষয়টি সঠিক নয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, এ ঘটনায় সাবস্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।