রূপগঞ্জে বিনা মূল্যে বিতরণের ১০ হাজার বই উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে বিনা মূল্যে বিতরণের ১০ হাজার ১০০টি বই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ জানান, গাইবান্ধা থেকে একটি ট্রাকে করে হাটাব এলাকার পূর্বাচল পেপার মিলে এসব বই আনা হয়। গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ ১০ হাজার ১০০টি বই উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঠিকাদার আবুল হোসেন (২৯), ট্রাকের চালক মো. হাকিম (৩৬) ও চালকের সহকারী তামিমকে (২২) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা বইয়ের মধ্যে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের ২০১০ সালের ছাপানো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, সমাজ ও বিজ্ঞান বিষয়ের বই রয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে।