
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দোতলা বাড়িতে বিকট বিস্ফোরণে দেয়াল ধসে পড়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। তবে বোমার আলামত না পেয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ।
আজ শুক্রবার ভোররাত তিনটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের বরাব কবরস্থান রোড এলাকার কুমিল্লা হাউস-২ নামের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অগ্নিদগ্ধ দুজন হলেন বাড়ির মালিক আবুল খায়েরের ছেলে ইব্রাহিম (২২) ও শ্যালক আয়নাল হক (২৬)।
ওই বাড়ির সদস্য, এলাকাবাসী ও পুলিশ জানায়, বাড়ির দ্বিতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণে ফ্ল্যাটের পশ্চিম পাশের দেয়াল ধসে পাশের তাজুল ইসলামের টিনশেড বাড়ির চালের ওপর পড়ে। এ সময় ওই ভবনের অপর একটি বিভাজন দেয়ালও ধসে পড়ে। জানালার থাই গ্লাস ভেঙে ও কাচ উড়ে যায় এবং ফ্ল্যাটে আগুন ধরে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ওই সময় থেকে সকাল ১০টা পর্যন্ত পুলিশ ও র্যাব জঙ্গি আস্তানা সন্দেহে ঘটনাস্থল ঘিরে রাখে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেন। অগ্নিদগ্ধ ইব্রাহিম ও আয়নালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণে ইব্রাহিমের শরীরের ৫০ শতাংশ এবং আয়নালের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে বোমা ও বোমা বিস্ফোরণের কোনো আলামত পায়নি। এ ঘটনায় বাড়ির মালিক আবুল খায়ের, বাড়ির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম ও তাঁর স্ত্রী নার্গিস বেগমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পাশের বাড়ির তাজুল ইসলাম বলেন, রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণে তাদের ঘুম ভেঙে যায়। তাঁরা কান্নাকাটি ও চিৎকারের শব্দে ঘর থেকে বের হয়ে দেখেন তাদের বাড়ির ভাড়াটিয়া নারী দুই সন্তানকে নিয়ে কান্নাকাটি করছেন। তখন তাঁরা দেখতে পান, প্রতিবেশী আবুল খায়েরের বাড়ির দেয়াল ধসে তাদের চালের ওপর পড়েছে। তাদের টিনের ঘরের চাল ভেঙে দেবে গেছে। এ সময় তিনি আবুল খায়েরের বাড়ির দোতলায় আগুন জ্বলতে দেখেন বলে জানান।
ঘটনাস্থলে এসপি মঈনুল হক আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলেন, প্রথমে বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করা হয়। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ওই বাড়িতে বোমা বিস্ফোরণ ও বোমার কোনো আলামত পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি নিছক একটি দুর্ঘটনা।
এসপি আরও জানান, ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়তে ক্লিক করুন
রূপগঞ্জে ভবনে বিস্ফোরণে দগ্ধ ২