রূপগঞ্জে ভবনে বিস্ফোরণে দগ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বরাব এলাকায় কুমিল্লা হাউস নামের দ্বিতল একটি ভবনে ওই বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ওই বাড়ির দেয়াল ভেঙে গেছে। পরে রূপগঞ্জ থানার পুলিশ আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত দুজন ওই ভবনে একই কক্ষে ছিলেন।

আহত দুজন হলেন মো. ইব্রাহিম (২১) ও মো. আয়নাল (৩০)। ইব্রাহিম উত্তরার কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজির তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবার নাম আবুল খায়ের। আয়নাল তাঁর দূর সম্পর্কের আত্মীয়।

বিস্ফোরণে ইব্রাহিমের শরীরের ৫০ শতাংশ এবং আয়নালের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণের পর ভোর সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না।