রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পূর্বগ্রামে গতকাল রোববার দুপুরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন হয়েছেন। নিহতের নাম শাহ আলম (৩৫)। এ ঘটনায় শাহ আলমের বোন গুরুতর আহত সাহারা বেগমকে (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শাহ আলমের স্ত্রী জলি বেগম জানান, শাহ আলমের পৈতৃক নিবাস রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে। গতকাল দুপুরে তিনি মা-বাবার পরামর্শে ঘরের ভেতরে টয়লেট নির্মাণের কাজ করছিলেন। এ সময় তাঁর বড় ভাই আলমগীর ও ছোট ভাই সেকান্দার মিলে টয়লেট নির্মাণে বাধা দেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শাহ আলমের বোন সাহারা তাঁর পক্ষে অবস্থান নেন। এতে ক্ষিপ্ত হয়ে দুই ভাই মিলে সাহারার পেটে ছুরিকাঘাত করেন। শাহ আলম বোনকে বাঁচাতে গেলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন দুই ভাই। রক্তাক্ত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল সোয়া পাঁচটার দিকে শাহ আলম মারা যান। চিকিৎসাধীন সাহারার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।শাহ আলমের বাবার নাম আলাজান সাউদ। শাহ আলমের চার বছরের একটি ছেলে রয়েছে।যোগাযোগ করা হলে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসানউল্লাহ প্রথম আলোকে বলেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়ার জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।