রূপগঞ্জে মন্দিরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপগঞ্জে রাধা গোবিন্দ মন্দিরে ১৪৪ ধারা জারির পর পুলিশ মোতায়েন l ছবি: প্রথম আলো
রূপগঞ্জে রাধা গোবিন্দ মন্দিরে ১৪৪ ধারা জারির পর পুলিশ মোতায়েন l ছবি: প্রথম আলো

দুই পক্ষের বিরোধের কারণে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার ভিংরাব এলাকার পোদ্দারবাগ গ্রামে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় গতকাল বৃহস্পতিবার জন্মাষ্টমীর পূর্বনির্ধারিত অনুষ্ঠান হয়নি। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরটি পরিচালনা করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, হিন্দু সম্প্রদায়ের দুটি পক্ষ মন্দিরে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিবদমান দুটি পক্ষ একই সময়ে ওই মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমীর কর্মসূচি দেওয়ায় কয়েক দিন ধরে উত্তেজনা দেখা দেয়। উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ থানা-পুলিশ বিবদমান দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়। সর্বশেষ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্দির প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মন্দিরে পুলিশ মোতায়েন রয়েছে।
মন্দিরের অধ্যক্ষ হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালনে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন) প্রাঙ্গণে বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, অভিষেক, ভজন কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচির শুরুতে বুধবার রাত আটটা থেকে ১১টা পর্যন্ত অধিবাস ও গঙ্গা আবহমান যথারীতি পালন করা হয়। এরপরই প্রশাসন ১৪৪ ধারা জারি করায় অন্যান্য কর্মসূচি বাতিল করা হয়েছে।
কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, সারা দেশে ইসকন ৪০টি মন্দির ও ৭০০ নামহট্ট পরিচালনা করে। সব জায়গায় জন্মাষ্টমীর অনুষ্ঠান হলেও রূপগঞ্জের রাধা গোবিন্দ মন্দিরে হয়নি। তিনি এ জন্য স্থানীয় কয়েকজন ভূমিদস্যুকে দায়ী করে বলেন, মন্দিরের ৪ একর ২২ শতাংশ দেবোত্তর সম্পত্তি ইসকনের। ২০০২ সাল থেকে ইসকনের কার্যক্রম শুরু হয়। তখন এই গ্রামে জমির বিঘাপ্রতি মূল্য ছিল ৪০ হাজার টাকা। বর্তমানে বাজার মূল্য বিঘাপ্রতি ৬০ লাখ টাকা। সেই হিসেবে মন্দিরের ভূ-সম্পত্তির দাম ৭ কোটি ৬৭ লাখ টাকা। মূল্যবান এ জমি দখলে নিতে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্র নানা অপতৎপরতা চালাচ্ছে। দলটি গ্রামের প্রাণ কুমার দাস, গোপাল অধিকারী ও কৃষ্ণ গোপাল শর্মাকে বিভ্রান্ত করে নানা অপতৎপরতা চালাচ্ছে। ১৯ আগস্ট প্রাণ কুমার দাসসহ ২৫-৩০ জন দা, লাঠি ও কুড়াল নিয়ে মন্দিরের সামনে মহড়া দেন। ২১ আগস্ট এ বিষয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মন্দির কর্তৃপক্ষ।
ভিংরাব গ্রামের বাসিন্দা প্রাণ কুমার দাস প্রথম আলোকে বলেন, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হরি সংঘ কমিটির নামে তারা রাধাগোবিন্দ মন্দিরে জন্মাষ্টমীর কর্মসূচি পালন করতে চাইলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তিনি তাঁর বিরুদ্ধে আনা মন্দির অধ্যক্ষের আনা অভিযোগ অস্বীকার করেন।