রূপগঞ্জে মাত্র ৮৪ হাজার টাকায় ছয় হাটের ইজারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের উন্নয়নের নাম করে ছয়টি গরুর হাটের অনুমোদন দিয়েছে স্থানীয় প্রশাসন। সিন্ডিকেটের মাধ্যমে কোটি টাকা মূল্যমানের এসব হাটের ইজারা মাত্র ৮৪ হাজার টাকায় নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাজউকের পূর্বাচল প্রকল্পের ৪ নম্বর সেক্টরের অভ্যন্তরে জনতা উচ্চবিদ্যালয় মাঠের ভেতর স্কুলের উন্নয়নের নামে স্কুল আধা বেলা বন্ধ রেখে প্রতি সোমবার গরুর হাট বসানো হয়। শিমুলিয়া হাট নামে পরিচিত এ হাটটি উপজেলার সবচেয়ে বড় ও লাভজনক কোরবানির পশু বিক্রির হাট। চলতি বছর ক্ষমতাসীন দলের সমর্থক স্থানীয় ভিংরাবো গ্রামের হাবিবুর রহমানকে ২৬ হাজার টাকায় এ হাটের ইজারা দেওয়া হয়। পূর্বাচলের ১ নম্বর সেক্টরের আরেকটি লাভজনক হাট ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। এ হাট আওয়ামী লীগের স্থানীয় নেতা শাহ আলম ফটিককে ২০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। পলখান স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে মাত্র ৩ হাজার ২০০ টাকায় হাট ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের মাঠ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনকে ১৬ হাজার টাকায়, মুড়াপাড়া কলেজ মাঠের হাট কলেজের উপাধ্যক্ষ আবু জাফর সালেহকে সাড়ে ১০ হাজার টাকায় ও বেলদি ফাজিল মাদ্রাসা মাঠের হাট ৯ হাজার টাকায় আওয়ামী লীগের নেতা মজিবর রহমানকে ইজারা দেওয়া হয়।

এ ছাড়া স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নাম করে কায়েতপাড়ার ইছাখালী বালুর মাঠ, পূর্বগ্রাম স্কুলমাঠ, তারাব পৌরসভার যাত্রামুড়া, গন্ধর্বপুর উচ্চবিদ্যালয়, বরপা প্রাথমিক বিদ্যালয়, রূপসী নিউ মডেল স্কুলমাঠ, গোলাকান্দাইল হাট, আঙ্গরজোড়া বালুর মাঠ, নলপাথর বালুর মাঠ, চারিতালুক তারু মার্কেট, মুড়াপাড়া নামা বাজার, আতলাপুর বাজার, কাঞ্চন বাজার মসজিদ মাঠ, স্বর্ণখালী বাজার হাট, নলপাথর হাটসহ ১৬টি পশুর অবৈধ হাট বসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানের নামে এসব হাট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হলেও প্রতিষ্ঠানগুলোর কোনো উন্নয়ন চোখে পড়ে না। এ ছাড়া সারা বছর হাট বসানোর কোনো অনুমোদন নেই বলে অভিযোগ উঠেছে জনতা স্কুলের বিরুদ্ধে। হাটে আদায়কৃত টাকার ভাগ নিতে এ প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য নির্বাচিত হতে কয়েক লাখ টাকা খরচও করা হয়। গরুর হাটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।

এদিকে এবার গরুর হাটগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের মাঠে দেওয়ার কথা থাকলেও প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেই বসানো হচ্ছে এসব গরুর হাট। এ ছাড়া গোলাকান্দাইল ও ভুলতা হাটের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে কম টাকায় এসব হাট ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া হাটগুলো অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বসাতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।