রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় মেহেদী হাসান (৩০) নামের এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুলিয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। এর জের ধরে কুলিয়াদী ও দিঘুলিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় কুলিয়াদী ও দিঘুলিয়া গ্রামের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত মেহেদী কুলিয়াদীর আমজাদ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি রূপগঞ্জের জনতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে কুলিয়াদীর হলি হেভেন কিন্ডারগার্টেন স্কুলে বসে গাঁজা সেবন করছিলেন পাশের দিঘুলিয়া গ্রামের বাবুল মিয়া, নয়ন মিয়াসহ আরও পাঁচ-ছয়জন। কুলিয়াদীর লোকজন তাঁদের মাদক সেবন করতে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে কুলিয়াদী ও দিঘুলিয়ার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এ সময় স্কুলশিক্ষক মেহেদী এসে মাদক সেবনের প্রতিবাদ করেন এবং সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। কিন্তু মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে মেহেদী ও কুলিয়াদী গ্রামের জিয়াউর রহমানকে কুপিয়ে জখম করে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেহেদীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জিয়াউরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে সংঘর্ষের সময় কুলিয়াদী ও দিঘুলিয়ার বেশ কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
কুলিয়াদী গ্রামের লোকজন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতিতেই মেহেদীকে কুপিয়ে হত্যা করা হয়।
দাউদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফ আহমেদ জানান, দীর্ঘদিন ধরে বাবুল মিয়া, নয়ন মিয়া ও তাঁদের সহযোগীরা কুলিয়াদী এলাকায় এসে প্রকাশ্যে মাদক সেবন করছেন। তাঁদের বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।