রূপগঞ্জে যানজটে নাকাল মানুষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও মদনপুর-ভুলতা-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কে গতকাল সোমবার সকাল থেকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত গাড়ি আটকা পড়ে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রীরা ভোগান্তির শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও পরিবহনশ্রমিকেরা বলেন, ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রেন্ট-এ-কারের অর্ধশতাধিক গাড়ি লাইন ধরে দাঁড় করিয়ে রাখায় এ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া এ দুই সড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় সড়কের অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়ক দুটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সময় এ সড়ক দিয়ে চলতে গিয়ে ছোট-বড় যানবাহন সড়কের মাঝপথেই বিকল হয়ে পড়ছে।
রূপগঞ্জে গত কয়েক দিনের বৃষ্টিতে ভুলতার গাউছিয়া কাপড়ের বাজারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পানি জমে সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে যানবাহনের ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়ক ও মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত সড়কের উভয় দিকে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তি পোহায়।
এদিকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের মালবাহী যানবাহনও এশিয়ান হাইওয়ে হয়ে খুলনা ও রাজশাহী বিভাগসহ বিভিন্ন জেলায় চলাচল করে থাকে। এতে এ সড়কটি সব সময় ব্যস্ত থাকে। তার ওপর আবার সড়কটি বেহাল।
ট্রাকচালক হুমায়ুন কবির বলেন, ‘দুই ঘণ্টা ধরে যানজটে আটকা পড়ে আছি। মহাসড়কের বিভিন্ন স্থানে বড় গর্তের কারণে অনেক যানবাহন বিকল হয়ে পড়ছে। বিকল যানবাহনের কারণেও যানজটের সৃষ্টি হয়। একদিকে যানজটের ভোগান্তি, অন্যদিকে তীব্র গরমে যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।’
গাজীপুরগামী কাভার্ডভ্যানের চালক শহিদুল ইসলাম বলেন, মহাসড়ক সংস্কার, যত্রতত্র যানবাহন দাঁড় করানো বন্ধ ও যানবাহনগুলো ট্রাফিক আইন মেনে চললে যানজট অনেকটা কমে আসত।
রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, ব্যস্ততম সড়কের যানজট নিরসনে পুলিশ সব সময় চেষ্টা চালিয়ে থাকে। নিয়ম ভঙ্গকারী যানবাহনের চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এ ছাড়া সড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণেও যানজটের সৃষ্টি হয়।