রূপগঞ্জে যুবককে জবাই করে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মজিবুর রহমান (৩৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর গ্রামে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মজিবুরের বড় ভাই ফজলুর রহমান জানান, তাঁর ভাই মজিবুর রহমান প্রায় আট্রবছর মালদ্বীপে প্রবাসজীবন কাটিয়ে গত মাসে দেশে আসেন। এসেই জানতে পারেন, তাঁর স্ত্রী (৩০) একই এলাকার এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। গত সোমবার সকালে এ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে মজিবুরের বাগিবতণ্ডা হয়। গতকাল সন্ধ্যায় মজিবুর বাড়ির পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়তে গেলে সেখান থেকে তাঁকে স্থানীয় মুকুন্ধশীল জঙ্গলে নিয়ে জবাই করে হত্যা করা হয়। মজিবুরের বাবার নাম মৃত আবদুল মালেক।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেছেন।