রূপগঞ্জে যুবদল ও ছাত্রদলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল রোববার পুলিশের সঙ্গে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছেন। তাঁদের মধ্যে নয়জন রাবার বুলেটবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে উপজেলা যুবদল ও ছাত্রদল ভুলতা গাউছিয়া মার্কেটের পুরাতন বাজার থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় সাত-আটটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রাবার বুলেটবিদ্ধ হয়েছেন নয়জন। তাঁরা হলেন: যুবদলের আলম (২৯), শোভন (২৮), মিলন (২৭), আবু তাহের (২৬) ও রূপচান মিয়া (২৭) এবং ছাত্রদলের শরীফ (২৪), আবদুল মতিন (২৫), ইউনুস (২৪) ও আবু কালাম (২৭)। তাঁদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদাত অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করলে সংঘর্ষ বাধে। এতে তাঁদের ৩০-৩৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক রাবার বুলেট ও ৫০টি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে। তিনি জানান, এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।