রূপগঞ্জে যুবদলের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার ভোরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।নজরুল ইসলাম উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সামসুউদ্দিন বেপারির ছেলে।নিহতের স্ত্রী বিলকিস বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সম্প্রতি প্রতিবেশী আমজাদ তাঁদের বসতবাড়ি দখল করে সেখানে খুঁটি বসানোর চেষ্টা করলে তাঁর স্বামী বাধা দেন। এ নিয়ে আমজাদের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে আমজাদ ও তাঁর লোকজন নজরুল ইসলামকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, নজরুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা তাঁর দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি মুজিবুর আরও জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম থানায় হত্যা মামলা করেছেন। প্রতিবেশী আমজাদসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে গতকাল দুপুরে মিছিল করেছে এলাকাবাসী।