রূপগঞ্জে যুবদলের শোক র্যালিতে হামলা
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবদলের আয়োজিত শোক র্যালিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে মো. তুহিন নামের যুবদলের এক নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গতকাল বুধবার দুপুরে উপজেলার বরাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। আহত অন্যরা হলেন তাইজুদ্দিন শিকদার, ওমর ফারুক, রুবেল, বাপ্পী, রিয়াদ, ফুল চান, সোহেল, শাহ আলম ও শরীফ।তবে কাজী মনিরুজ্জামান এ অভিযোগ অস্বীকার করেছেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিকেলে প্রথম আলোকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরাব এলাকায় যুবদলের দুই পক্ষে মারামারি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।