রূপগঞ্জে যুবলীগ-যুবদল সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় গতকাল সোমবার সকালে স্থানীয় যুবলীগ ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ সময় চার-পাঁচটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় তারাব এলাকায় স্থানীয় যুবলীগ প্রতিবাদ সভার আয়োজন করে। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম সফর উপলক্ষে কাঁচপুর এলাকায় সংবর্ধনা জানাতে যান উপজেলা যুবদলের নেতা-কর্মীরা। সংবর্ধনা শেষে ট্রাক ও টেম্পোযোগে ফেরার পথে তারাব এলাকায় যুবলীগ আয়োজিত প্রতিবাদ সভাস্থলের সামনে দিয়ে স্লোগান দেওয়া নিয়ে উভয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঢাকা-সিলেট মহাসড়কে চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ব্যাপারে তারাব পৌর যুবলীগের সভাপতি আবদুল আউয়াল অভিযোগ করেন, যুবদলের ক্যাডাররা কাঁচপুর থেকে ফেরার পথে যুবলীগ আয়োজিত প্রতিবাদ সভাস্থলে অতর্কিতে ট্রাক ও টেম্পো ঢুকিয়ে দেয়। এর প্রতিবাদ জানালে যুবদলের ক্যাডাররা যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।এদিকে যুবদলের নেতা কাজী আহাদ বলেন, বেগম খালেদা জিয়াকে বিদায় জানিয়ে ট্রাক ও টেম্পোযোগে কাঁচপুর থেকে ফেরার পথে যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিতে হামলা চালান।