রূপগঞ্জে রাইফেলের ৬২৪টি গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বোলাবো ইউনিয়নের তাড়াইল এলাকায় মাটিতে পুঁতে রাখা রাইফেলের ৬২৪টি গুলি উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর দোহা জানান, সন্ধ্যায় তাড়াইল এলাকার শীতলক্ষ্যা নদীর তীরের পূর্বপাড়ের জমিতে শ্রমিকেরা মাটি কাটছিলেন। এ সময় শ্রমিকেরা মাটিতে পুঁতে রাখা একটি স্টিলের বাক্স দেখতে পান। তাঁরা বাক্সটি খুলে গুলি পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে। মরিচা ধরে বাক্সটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। বাক্সে পলিথিনে মোড়ানো ৫২ প্যাকেট গুলি পাওয়া যায়। প্রতি প্যাকেটে ১২টি করে মোট ৬২৪টি গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, এগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গুলি বলে ধারণা করা হচ্ছে।