রূপগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের পলখান এলাকায় গতকাল উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় একটি কলেজের শিক্ষার্থীরা উচ্ছেদ অভিযানে বাধা দিতে গেলে পুলিশ লাঠিপেটা করে। এতে অন্তত ২০ জন আহত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকালে রাজউকের লোকজন বুলডোজার দিয়ে পলখান বটতলা বাজার ও কলেজ মার্কেটের ৬০টি দোকান, দুটি বসতবাড়ি, বটবৃক্ষ স্পোর্টিং ক্লাব, দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ও পূর্বাচল আদর্শ কলেজের নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দেয়। পূর্বাচল আদর্শ কলেজ ভবনে উচ্ছেদে অভিযান চালানোর সময় শিক্ষার্থীরা বাধা দিলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষকসহ বেশ কজন শিক্ষার্থী আহত হন। একপর্যায়ে পূর্বাচল আদর্শ কলেজের সভাপতি ছফির উদ্দিন আকন্দ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন মামলার কপি উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার হাতে পৌঁছে দিলে উচ্ছেদ স্থগিত করা হয়।এলাকাবাসীর অভিযোগ, পৈতৃক ভিটেমাটি রাজউক অধিগ্রহণ করে প্লট বুঝিয়ে না দিয়ে তাদের অবৈধ দখলকারী হিসেবে চিহ্নিত করেছে। নিয়মানুযায়ী রাজউকে টাকা জমা দিয়েও এখনো পূর্বাচলের অনেক বাসিন্দা প্লট বুঝে পাননি। পূর্বাচল আদর্শ কলেজের সহসভাপতি আবুল ফজল বলেন, রাজউক সাত দিনের সময় বেঁধে উচ্ছেদ অভিযানে নোটিশ জারি করেছে ঠিক। কিন্তু এলাকার ভবনমালিকদের হাতে নোটিশ পৌঁছায়নি। তাই ভবন ও দোকানমালিকেরা তাঁদের মালামাল নিরাপদে সরিয়ে নিতে পারেননি। রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার বলেন, রূপগঞ্জের পূর্বাচল উপশহর পলখান এলাকায় রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ সময় একটি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী বাধা দিলে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।