রূপগঞ্জে শীতলক্ষ্যার তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় ১১টি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক সাইফুল ইসলাম, আলমগীর কবীর প্রমুখ। উচ্ছেদ চলাকালে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। উপপরিচালক আলমগীর কবীর জানান, সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। এ সময় আয়েশা টেক্সটাইল মিলের ১৩০ ফুট লম্বা ও ৬০ ফুট প্রস্থ একটি আধা পাকা টিনশেড ঘর ভেঙে ফেলা হয়। এ ছাড়া পাঁচটি টিনশেড দোকানঘর এবং ডকইয়ার্ডের পাঁচটি টিনশেড কার্যালয় উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা ইসলাম জানান, নদীর তীর দখল করে গড়ে তোলা ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।