রূপগঞ্জে সংঘর্ষে আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকার শেখ রাসেল রাজউক পার্কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকার উত্তরার নিপা গ্রুপের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা শেখ রাসেল রাজউক পার্কে বনভোজন করতে যান। বেলা সাড়ে তিনটার দিকে তাদের বহনকারী বাস ও মাইক্রোবাস পার্কের ভেতরে পার্কিং করতে গেলে পার্কের কর্মচারীরা বাধা দেন। এ সময় পার্কের কর্মচারী ও বনভোজনে যাওয়া লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পার্কের কর্মচারী শফিক ও আওলাদের নেতৃত্বে স্থানীয় ২০-২৫ জন বনভোজনে যাওয়া লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে নিপা গ্রুপের আজমল হোসেন, সোহাগ মিয়া, রফিকুল, ইলিয়াছ ভূঁইয়া, দেলোয়ার হোসেন, মজিবুর রহমান, ইয়াকুব আলী, মোহসিন মিয়া, পার্কের কর্মচারী আওলাদ হোসেন, শফিক, কামরুজ্জামান, মনজুর হোসেন, সেকান্দার মিয়া, কাজল, জাকির হোসেন, সুমন, শাহিন মিয়া, বাতেনসহ ৩৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা বনভোজনে যাওয়া লোকজনের টাকা, মুঠোফোন, হাতঘড়িসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।