রূপগঞ্জে সংঘর্ষে নিহত ১, আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে শামসুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শামসুল পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। বৃহস্পতিবার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান ও যুবলীগ নেতা হিসেবে পরিচিত শাহিন মিয়ার অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষে শামসুল আহত হয়েছিলেন।

ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুনর্বাসন কেন্দ্রের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শামসুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শামসুল স্থানীয়ভাবে বজলুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

বৃহস্পতিবারের সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রূপগঞ্জ থানার পুলিশের একটি সূত্র জানায়, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের লোকজনই পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ অন্তত ২২টি গুলি ছুড়েছে। এ ঘটনায় নারীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন প্রথম আলোকে বলেন, চনপাড়ায় ছোট্ট একটি এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। এখানে অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অপরাধীরা ঘটনার পরপর বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। তারা উভয় পক্ষই পুলিশের ওপর হামলা চালায়।

সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ দাফন ও পরবর্তী সময়ে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ ও র‍্যাব সদস্যরা অবস্থান করছেন বলেও জানিয়েছেন তিনি।