রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল শনিবার দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের (ঢাকা বাইপাস) টেংরারটেক এলাকায় ট্রাক উল্টে পথচারী মহিবুর রহমান (৩০) এবং ঢাকা-সিলেট মহাসড়কের তারাব বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (২৮) যুবক নিহত হন।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার টেংরারটেক এলাকায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটির নিচে চাপা পড়ে পথচারী মহিবুর রহমান মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের হালিশহরে। ট্রাকটি সড়কের ওপর উল্টে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হলে দুপুর ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যুবককে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি।